ইসলামের নামে ও মসজিদের নামে আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে ‘গর্হিত কাজ’ করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় বৃদ্ধির বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রীর পক্ষে এ বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
জয়নুল আবদীন ফারুক অভিযোগ করেন, মডেল মসজিদ নির্মাণে বিপুল অর্থ ব্যয় হলেও অনেক স্থাপনায় ত্রুটি রয়েছে। তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে প্রকল্প ব্যয়ের অনিয়ম তদন্তের দাবি জানান।
এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামালও নিজ এলাকার একটি মডেল মসজিদের অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মডেল মসজিদ নির্মাণ একটি ভালো উদ্যোগ হলেও প্রকল্প ব্যয়ের প্রাক্কলন যথাযথ ছিল কি না, তা পর্যালোচনা করা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন প্রকল্পে অর্থ লোপাটের উদ্দেশ্যে ব্যয় ও সময় অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, ১৩ কোটি টাকা থেকে ২১ কোটি টাকায় প্রকল্প ব্যয় কীভাবে বৃদ্ধি পেল এবং প্রতিটি মডেল মসজিদের ব্যয়ের হিসাব কী ছিল—তা মসজিদভিত্তিক তদন্তের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হবে।