ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নদী ও খাল খননসহ বিএনপির বিভিন্ন কর্মসূচি এখন শুধু দলের নয়, বরং দেশের মানুষের কর্মসূচিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জনগণের দল হিসেবে জনগণের জন্য কাজ করছে। নদী ও খাল খননের ফলে এ অঞ্চলের কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকসহ সাধারণ মানুষ উপকৃত হবেন। এ প্রকল্পের মাধ্যমে প্রায় ৩৪ হাজার মেট্রিক টন অতিরিক্ত ধান উৎপাদনের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষিঋণ মওকুফের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তারেক রহমান বলেন, শুধু বিএনপির কর্মসূচি হিসেবে নয়, দেশের মানুষের কল্যাণের কর্মসূচি হিসেবে এসব উদ্যোগ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
দেশের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কিছু ব্যক্তি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে অশান্তি ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। নির্বাচনের সময়ও মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল। জনগণের সমর্থনেই বিএনপি সরকার গঠন করেছে উল্লেখ করে তিনি দেশের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড, নদী খনন, খাল খনন ও কৃষক কার্ড এখন আর শুধু বিএনপির কর্মসূচি নয়—এসব কর্মসূচি দেশের মানুষের কর্মসূচিতে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, নারী সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফেনীতে এটি তারেক রহমানের প্রথম সফর। সফরে তিনি মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধনের পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।