খেটে খাওয়া মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে ‘চানাচুর’ আখ্যা দেওয়ার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে প্রণীত বাজেটকে গণবিরোধী বলা জনগণের স্বার্থের পরিপন্থী।
বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী প্রচারণা সিলেট অঞ্চল থেকেই শুরু হয়েছিল। সে সময় চা বাগানের নারী শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যা আজ বাস্তবায়িত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে নারী-পুরুষ সবাইকে সমানভাবে স্বাবলম্বী করতে হবে। এ লক্ষ্যেই সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে এবং নির্বাচনের এক মাসের মধ্যেই এর বাস্তবায়ন শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খেলাধুলা, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন খাতে বরাদ্দ রাখা হয়েছে। কিন্তু কিছু মানুষ এই বাজেটকে ‘চানাচুরের মতো’ বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, “যে বাজেট মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়, সেই বাজেটকে তারা চানাচুর ও গণবিরোধী বলে। যে বাজেটে ৬০টি পণ্যের শুল্ক কমানো হয়েছে, সেটিকে যারা গণবিরোধী বাজেট বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না।”
সরকারপ্রধান জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্রকে কেউ নস্যাৎ করতে পারবে না।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের অর্থায়ন নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তাদের উদ্দেশে সরকার স্পষ্ট বার্তা দিচ্ছে—জনগণের টাকা জনগণের কল্যাণেই ব্যয় করা হবে এবং অর্থ পাচারের সুযোগ আর দেওয়া হবে না।
প্রধানমন্ত্রী বলেন, “জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। যারা অর্থ পাচার করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।”