জ্বালানি সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সচিবালয়ের সামনে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কর্মসূচি চলাকালে জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদকে দলের আমির ডা. শফিকুর রহমান ধাক্কা ও চড় দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর সচিবালয়ের সামনে এ ঘটনা ঘটে।
একটি ভিডিওচিত্রে দেখা যায়, পুলিশের উপস্থিতিতে নেতাকর্মীদের ভিড়ের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে ভিড় সামলানোর সময় ডা. শফিকুর রহমান সামনে থাকা শফিকুল ইসলাম মাসুদের দিকে এগিয়ে গিয়ে তাকে ধাক্কা দেন এবং চড় মারেন বলে ভিডিওতে দেখা যায়।
ঘটনার পর উপস্থিত নেতাকর্মী ও পুলিশ সদস্যদের মধ্যে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে ঠিক কী কারণে ওই মুহূর্তে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সে বিষয়ে জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিলকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।
কর্মসূচিতে নেতাকর্মীরা গ্যাস-বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। প্রায় ২০ মিনিট সচিবালয়ের সামনে অবস্থানের পর জামায়াত আমির ডা. শফিকুর রহমান দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এ সময় তিনি চার বিভাগে লংমার্চ এবং ঢাকায় মহাসমাবেশের নতুন কর্মসূচিও ঘোষণা করেন।