দেশের উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিরোধী দলকে শুধু বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সোমবার (৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্টোজোভিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রে সরকার ও বিরোধী দল উভয়ের দায়িত্বশীল আচরণ রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ। সরকার ও জনগণের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে তুলতেও সংসদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র চর্চায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা, ক্ষমতার ভারসাম্য বজায় রাখা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করতে সংসদকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
কায়সার কামাল আরও বলেন, দেশের আর্থসামাজিক ও সামগ্রিক উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।
সাক্ষাৎকালে মন্টেনিগ্রোর সংসদ সদস্য গর্ডান স্টোজোভিক দুই দেশের সংসদীয় অভিজ্ঞতা ও সেরা চর্চা বিনিময়ের ওপর গুরুত্ব দেন। তিনি জানান, বাংলাদেশের মতো মন্টেনিগ্রোর সংসদও এককক্ষবিশিষ্ট এবং দেশটির সংসদে মোট ৮১ জন সদস্য রয়েছেন।
দুই দেশের আইনসভার মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে ‘পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের আগ্রহ প্রকাশ করেন গর্ডান স্টোজোভিক। তার প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও শক্তিশালী করার আশ্বাস দেন ডেপুটি স্পিকার।
মন্টেনিগ্রোর সংসদ সদস্য আরও জানান, দেশটির সংসদীয় কমিটিগুলো নির্বাহী বিভাগের কর্মকাণ্ড পর্যালোচনা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।