প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। সফরের আগে অনুকূল পরিবেশ তৈরিতে দিল্লির সঙ্গে যোগাযোগ করছে ঢাকা বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল করিম।
তিনি জানান, বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা গত কয়েক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য দ্বিপক্ষীয় সফর নিয়ে যোগাযোগ করছেন। তবে সম্প্রতি দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য মতবিনিময়ের পর সফরের প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়েছে।
একেএম শহীদুল করিম বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। এগুলো হলো—
🔹 শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া
🔹 ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের প্রত্যর্পণ
🔹 প্রধানমন্ত্রীর সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা
তিনি বলেন, এসব বিষয়ে অগ্রগতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের পথ সুগম হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের কাছে একাধিকবার অনুরোধ জানিয়েছে ঢাকা।