পটুয়াখালীর বাউফলে গভীর রাতে এক গৃহবধূর ঘর থেকে আতিকুল ইসলাম নামে স্থানীয় এক যুব জামায়াত নেতাকে আটকের দাবি করেছেন স্থানীয়রা। বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার পূর্ব ইন্দ্রকূল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের দাবি, আতিকুল ইসলাম সূর্যমণি ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি। তবে তার পদ নিয়ে স্থানীয় গ্রাম পুলিশের বক্তব্যে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
জানা গেছে, ওই গৃহবধূর স্বামী বুধবার শ্বশুরবাড়িতে যাওয়ার পর গভীর রাতে আতিকুল তার ঘরে প্রবেশ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে গৃহবধূর শ্বশুর চিৎকার করলে আশপাশের লোকজন এসে দুজনকে আটক করেন। পরে আতিকুলের স্বজনরা ঘটনাস্থলে এসে তাকে নিয়ে যান বলে স্থানীয়দের দাবি।
গৃহবধূর শ্বশুর আমির হোসেন হাওলাদার অভিযোগ করেন, কিছুদিন আগে থেকেই আতিকুলের সঙ্গে তার পুত্রবধূর পরিচয় ও সখ্যতা ছিল। ঘটনার রাতে তাকে ঘর থেকে বের হতে দেখা যায় বলেও দাবি করেন তিনি।
অভিযুক্ত আতিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সূর্যমণি ইউনিয়নের গ্রাম পুলিশ ইউসুফ হাওলাদার বলেন, আতিকুল জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হলেও তিনি দলের কোন পদে আছেন তা নিশ্চিত নন। তবে ওই রাতে তাকে স্থানীয়রা আটক করেছিলেন বলে জানান তিনি।
উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম জানান, বিষয়টি তাকে জানানো হয়েছে, তবে বিস্তারিত না জেনে মন্তব্য করতে চান না।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ যাওয়ার আগেই বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়ে যায়। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।