গ্রামের মানুষকে চিকিৎসার জন্য শহরমুখী হওয়া থেকে বিরত রাখতে স্থানীয় পর্যায়েই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, গ্রামাঞ্চলে ‘হেলথ হাব’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।
রোববার (৮ আগস্ট) সকালে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
এ সময় হাসপাতালের ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি হাসপাতালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনের সময় জেলা সিভিল সার্জন ডা. মো. নুর আলম দীনকে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের ব্যবস্থাপনায় দুর্বলতা ও দায়িত্ব পালনে ঘাটতির বিষয়েও সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে স্বাস্থ্যখাত যথাযথ গুরুত্ব পায়নি। ফলে দেশের স্বাস্থ্যব্যবস্থায় নানা দুর্বলতা তৈরি হয়েছে। একই সময়ে অতিরিক্ত দামে চিকিৎসা সরঞ্জাম কেনার মাধ্যমে সরকারি অর্থের অপচয় ও আত্মসাতের অভিযোগও করেন তিনি।
গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘হেলথ হাব’ প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়েই প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য শহরে ছুটতে হবে না।
পরিদর্শনকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক উপস্থিত ছিলেন।