টানা বর্ষণ ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্য, চিকিৎসাসহ সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।
রোববার (১২ জুলাই) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পানিবন্দি মানুষের দুর্ভোগ না কমা পর্যন্ত সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়ে যাবে। এ জন্য যত বরাদ্দ প্রয়োজন হবে, সরকার তা নিশ্চিত করবে। কোনো দুর্গত মানুষ যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও নির্দেশনা রয়েছে।
তিনি আরও জানান, বন্যা-পরবর্তী পুনর্বাসন, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং অবকাঠামো সংস্কারের জন্যও সরকারের পরিকল্পনা রয়েছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এর আগে প্রতিমন্ত্রী চকরিয়ার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন। পরে ঘুনিয়া আশ্রয়কেন্দ্রে অবস্থানরত দুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।