স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, দুর্নীতি বা দায়িত্বে অবহেলার ক্ষেত্রে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতির ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে ‘নরসিংদী ডায়াবেটিক সমিতির’ ৩১তম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেখানে দুর্নীতি ও অবহেলার প্রমাণ পাওয়া যাবে, সেখানে বদলি নয়, চাকরিচ্যুতির ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং স্বাস্থ্য খাতে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না।
তিনি জানান, দেশের প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে আধুনিকায়ন করা হবে এবং সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোরও উন্নয়ন করা হবে বলে জানান তিনি।
বাজেট প্রসঙ্গে সরদার সাখাওয়াত হোসেন বলেন, এবারের বাজেট কেবল অর্থের নয়, আদর্শের বাজেট। প্রতিটি কর্মসূচি দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।