রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান আলোচনার মধ্যে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে।
শুক্রবার (২৪ জুলাই) থাইল্যান্ড থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। তিনি দেশের বাইরে থাকায় এ বিষয়ে কিছু জানতেন না। তবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দিতে হবে।
তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে জাতীয় সংসদ ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। এ সময় পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে বিভিন্ন মাধ্যমে চলা আলোচনা প্রসঙ্গে স্পিকার বলেন, তিনিও গণমাধ্যমে প্রকাশিত তথ্যই শুনেছেন। রাষ্ট্রপতি কী সিদ্ধান্ত নেবেন, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না।
ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার বিষয়ে স্পিকার জানান, ব্যক্তিগত চিকিৎসা ও মেডিকেল চেকআপ শেষ হওয়ায় নির্ধারিত সময়ের আগেই তিনি দেশে ফিরেছেন।
সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে লিখিতভাবে পদত্যাগ করতে পারেন। এছাড়া ৫৪ ও ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।