জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) ভোর ৪টার দিকে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সারজিস আলম ফেসবুকে দাবি করেন, বগুড়া জেলা বিএনপির এক নেতার করা মামলার ভিত্তিতে তানভীরকে আটক করা হয়েছে। তিনি অভিযোগ করেন, দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার পরও পুলিশি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সারজিস আলমের ভাষ্য অনুযায়ী, হবিগঞ্জ ও সিলেটের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে গাজী সালাউদ্দীন তানভীর তারেক রহমানকে নিয়ে একটি সংক্ষিপ্ত ফেসবুক পোস্ট করেছিলেন। পরে বিষয়টি নিয়ে সমালোচনা হলে তিনি পোস্টটি মুছে ফেলেন এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি হবে না বলেও জানান।
তিনি আরও অভিযোগ করেন, দল থেকে শোকজ ও সাময়িক অব্যাহতির পরও গ্রেপ্তারের ঘটনা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি গাজী সালাউদ্দীন তানভীরকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়।
দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, এটি প্রথমবার নয়। এর আগে ২০২৫ সালের এপ্রিলে সরকারি চাকরিতে নিয়োগে অনিয়ম এবং পাঠ্যবইয়ের কাগজ ক্রয়ে কমিশন–বাণিজ্যের অভিযোগ ওঠার পরও তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তিনি আবার দলে ফিরে আসেন।