প্রবীণদের বোঝা হিসেবে নয়, পরিবার ও সমাজের মর্যাদাপূর্ণ সম্পদ হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বুধবার (৭ অক্টোবর) আগারগাঁওয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর আয়োজিত আন্তর্জাতিক প্রবীণ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, দেশের অস্বচ্ছল জনগোষ্ঠীর জন্য বর্তমানে যে ভাতা দেওয়া হচ্ছে, তা যথেষ্ট নয়। বয়স্ক মানুষের কল্যাণে এই ভাতার পরিমাণ আরও বাড়ানো প্রয়োজন, যাতে দেশের সব প্রবীণ নাগরিক এর সুফল পান।
তিনি জানান, দেশের মোট জনসংখ্যার প্রায় এক দশমাংশ বা ১ কোটি ৬০ লাখ মানুষ ষাটোর্ধ্ব। ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা মোট জনসংখ্যার ২০ শতাংশের বেশি হয়ে প্রায় ৫ কোটিতে পৌঁছাতে পারে।
মন্ত্রী বলেন, মানুষের গড় আয়ু বাড়ার বিষয়টিকে শুধু বয়স বৃদ্ধির পরিসংখ্যান হিসেবে দেখলে হবে না। দীর্ঘায়ু মানুষদের স্বাস্থ্যবান, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনের সুযোগ নিশ্চিত করে তাদের পরিবার ও সমাজের কার্যকর সম্পদে পরিণত করতে হবে।
প্রতি বছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। এ বছর ১ অক্টোবর ফেনীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি থাকায় ৭ অক্টোবর ঢাকায় দিবসটি উদযাপন করা হচ্ছে। ২০২৬ সালের আন্তর্জাতিক প্রবীণ দিবসের প্রতিপাদ্য ছিল ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, নবজাতক থেকে প্রবীণ—জীবনের প্রতিটি পর্যায়ের মানুষের জন্য মানবিক ও সমষ্টিকেন্দ্রিক সমাজ গঠনে সরকারের পরিকল্পনা ও বাজেট বাস্তবায়ন করা হচ্ছে।
ষাটোর্ধ্ব অবসরপ্রাপ্ত নাগরিকদের স্বাস্থ্যসেবা ও সার্বিক কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
তবে প্রবীণদের কল্যাণ নিশ্চিত করা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রী সামাজিক সংগঠন, পরিবার এবং প্রবীণদের নিজেদেরও এ কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।