ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সহজ ও গতিশীল করতে ‘ই-লোন’ বা অনলাইনভিত্তিক ঋণসেবা চালুর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ ব্যবস্থায় গ্রাহকরা ব্যাংকে না গিয়েই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ঋণের আবেদন, অনুমোদন ও অর্থ গ্রহণ করতে পারবেন।
সোমবার (১১ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা সহজ, দ্রুত ও গ্রাহকবান্ধব করতে ব্যাংকগুলোকে ই-লোন কার্যক্রম চালু করতে হবে।
নতুন ব্যবস্থায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এ ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। ঋণের সুদের হার ব্যাংক বাজারভিত্তিকভাবে নির্ধারণ করবে। তবে পুনঃঅর্থায়ন সুবিধা নেওয়া হলে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদের হার হবে ৯ শতাংশ।
নির্দেশনায় আরও বলা হয়েছে, গ্রাহকের আবেদন যাচাইয়ে জাতীয় পরিচয়পত্র, বায়োমেট্রিক তথ্য ও অন্যান্য ডিজিটাল যাচাইকরণ পদ্ধতি ব্যবহার করতে হবে। পাশাপাশি ঋণ অনুমোদনের আগে গ্রাহকের সিআইবি প্রতিবেদনও পর্যালোচনা করা হবে। খেলাপি ঋণগ্রহীতারা এ সুবিধা পাবেন না।
সাইবার নিরাপত্তা নিশ্চিতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA), মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (MFA) এবং ওটিপি ব্যবহারের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।