রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধান অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন। তিনি জানান, স্পিকার হিসেবে শপথ গ্রহণের সময়ই প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও তিনি নিয়েছিলেন।
তিনি আরও বলেন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও শপথ অনুযায়ী স্পিকারের দায়িত্ব পালন করবেন, কারণ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার ফলে স্পিকারের দায়িত্ব আপাতত তার ওপর ন্যস্ত হয়েছে।
সংবাদ সম্মেলনে হাফিজ উদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি শারীরিক অসুস্থতার কারণেই পদত্যাগ করেছেন। তিনি সাবেক রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন এবং দায়িত্ব পালনের সময় জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি তার সহযোগিতার কথাও উল্লেখ করেন।