নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) সকাল ১০টা থেকে শুরু হওয়া সংঘর্ষ দুপুর পর্যন্ত চলতে থাকে।
সংঘর্ষে গাজীপুর সদর মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামসহ ৫ পুলিশ সদস্য এবং অন্তত ১২ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন জানান, নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গত দুইদিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। সকাল থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
গত বুধবার (১৩ মে) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেয় সরকার। প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীদের একটি বড় অংশ। একই রাতে বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন তারা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সকালে ‘নবাগত ভিসিকে লাল কার্ড’ প্রদর্শনের জন্য শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হন। এ সময় ভিসি সমর্থক ও বহিরাগতদের একটি দল আন্দোলনকারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে আন্দোলনকারী, ভিসি সমর্থক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার বাস্তবতা বুঝতে সক্ষম এমন কাউকেই ভিসি হিসেবে নিয়োগ দেওয়া উচিত। বহিরাগত নয়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যোগ্য শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগের দাবি জানান তারা।