সরকারের ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে নারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নারী নেত্রীকে আটক করেছে পুলিশ।
আটক সাদিয়া আক্তার (২২) এনসিপির নেত্রকোনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেত্রকোনা পৌর শহরের কুরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে সাদিয়া আক্তার কয়েকজনের কাছ থেকে জনপ্রতি ৩ হাজার টাকা করে নেন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে স্থানীয় কয়েকজন তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে নেত্রকোনা সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার জানান, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সাদিয়া আক্তার পাঁচজনের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাঁচজনের কাছ থেকে টাকা নেওয়ার কথা তিনি স্বীকার করেছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এনসিপির নেত্রকোনা জেলা কমিটির সদস্য সচিব ফাহিম রহমান খান পাঠান বলেন, বিষয়টি তারা শুনেছেন। কেউ ব্যক্তিগতভাবে এ ধরনের অপরাধে জড়িত থাকলে তার দায় সংগঠন নেবে না। সাদিয়া আক্তার সত্যিই অভিযোগের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি আরও যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।