চীনের দালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় দালিয়ান থেকে যাত্রা করে বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ে পৌঁছান। এ সময় সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
এর আগে স্থানীয় সময় সকাল ১০টায় প্রধানমন্ত্রী দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন। ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস-এ বাংলাদেশের পাশাপাশি গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও মন্টিনিগ্রোর সরকারপ্রধানরাও অংশ নেন।
সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ ও গণমাধ্যম অঙ্গনের ১,৭০০ জনের বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উল্লেখ্য, গত ২২ জুন মালয়েশিয়া সফর শেষে তিন দিনের সরকারি সফরে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।