শিশু মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আদ্-দ্বীন হাসপাতালের মগবাজার শাখার লাইসেন্স বাতিল করা হলেও প্রতিষ্ঠানটির অন্যান্য শাখা স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে হাম রোগের চিকিৎসাসংক্রান্ত নতুন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন উদ্বোধন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্-দ্বীন হাসপাতালের মগবাজার শাখায় বদ্ধ কক্ষে অক্সিজেন সংকটের কারণে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। তদন্তে চিকিৎসক, নার্স ও হাসপাতাল প্রশাসনের দায়িত্বে অবহেলার বিষয় উঠে এসেছে।
তিনি বলেন, আদ্-দ্বীনে ছয় শিশুর মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকেই নিতে হবে। তবে মগবাজার শাখার বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা শুধু ওই নির্দিষ্ট প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য। একই ব্র্যান্ডের অধীনে পরিচালিত অন্যান্য হাসপাতাল বা স্বাস্থ্যসেবা কেন্দ্র বিদ্যমান নিয়ম-কানুন মেনে কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
শিশু মৃত্যুর ঘটনাকে অত্যন্ত গুরুতর উল্লেখ করে মন্ত্রী বলেন, অক্সিজেন সংকট ও দায়িত্বে গাফিলতির কারণে কয়েকটি শিশুর প্রাণহানি ঘটেছে বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা খাতে অবহেলা বা দায়িত্বহীনতার কোনো সুযোগ নেই। রোগীর জীবন নিয়ে গাফিলতি করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আসতেই হবে। সরকার এ ধরনের ঘটনায় কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কেউ অপরাধ করলে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পাওয়ার সুযোগ নেই।
অনুষ্ঠানে দেশের স্বাস্থ্যসেবার মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। মন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে এখনো কাঙ্ক্ষিত সেবার মান পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। এ জন্য চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মীদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
একই অনুষ্ঠানে হাম প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় সংক্রামক রোগ মোকাবিলায় ইতিবাচক অগ্রগতি অর্জন সম্ভব হয়েছে। তবে জনস্বাস্থ্য সুরক্ষায় এ প্রচেষ্টা আরও জোরদার করতে হবে।