ময়মনসিংহের গৌরীপুরে ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মো. মোকরামিন হাসান রাফি (২৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বয়রা বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদের বয়রা ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাফি ওই এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) দুপুরে তিন বন্ধুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামেন রাফি। একপর্যায়ে তারা সাঁতরে গভীর পানিতে চলে যান। পরে দুই বন্ধু তীরে উঠতে পারলেও রাফি স্রোতের টানে তলিয়ে যান।
ঘটনার পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়, তবে সেদিন সন্ধান মেলেনি। পরদিন সকালে পুনরায় অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ফুফাতো ভাই এখলাছুর রহমান বলেন, রাফি সাঁতার জানতেন, তবে স্রোতের কারণে তিনি তীরে ফিরতে পারেননি।
গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।