চাঁপাইনবাবগঞ্জে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় এক ছাত্রীর বাড়ি থেকে মরিয়ম বেগম নামে ওই গৃহশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রুবেল ও সুমি নামে এক দম্পতিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।
নিহত মরিয়ম বেগম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উজ্জ্বলপাড়ার বাসিন্দা এবং মোসাদ্দেক হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম বেগম স্থানীয় বাসিন্দা সুমি খাতুনের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে মিথীলাকে নিয়মিত বাসায় গিয়ে পড়াতেন। সোমবারও তিনি প্রতিদিনের মতো পড়াতে যান। তবে এরপর আর বাড়িতে ফেরেননি।
রাতে মরিয়ম বেগমের এক সন্তান সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন সকালে ৯৯৯-এ পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রুবেল ও সুমির বাড়িতে অভিযান চালিয়ে বস্তাবন্দি অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহের মাথা ও ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া তার কানের দুল ছেঁড়া অবস্থায় ছিল।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, আটক সুমি খাতুনের বিরুদ্ধে এর আগেও কয়েকজন নারীকে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সন্দেহভাজন দুইজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের দেওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, স্বর্ণের কানের দুল নেওয়ার উদ্দেশ্যেই হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত তথ্য জানানো হবে।