জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা পরিষদে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের স্বার্থকে সর্বাগ্রে রাখা হচ্ছে। জাতীয় স্বার্থ, পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক আরও শক্তিশালী করাই সরকারের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য।
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক বর্তমানে উচ্চতর পর্যায়ে পৌঁছেছে। বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক এখন ‘সার্বিক কৌশলগত অংশীদারত্বে’ রূপ নিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফর এবং দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এ সম্পর্ক আরও গভীর হয়েছে বলেও জানান তিনি।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগও জোরদার হচ্ছে।
তিনি দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়ে তার সঙ্গে শিগগির সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। ওই চিঠিতে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের কথাও উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র এবং বাংলাদেশের পক্ষ থেকে দেশটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আগ্রহ রয়েছে। তবে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতাকেও বিবেচনায় নিতে হবে।
ভারতে শেখ হাসিনার অবস্থানের প্রসঙ্গ তুলে ধরে হুমায়ুন কবির তার বিরুদ্ধে হত্যা, গুম ও অর্থ লুটপাটের অভিযোগ করেন। তিনি দাবি করেন, বাংলাদেশে সহিংসতা বা অস্থিতিশীলতা তৈরিতে ভারতের ভূখণ্ড ব্যবহার করার কোনো পরিকল্পনা মেনে নেওয়া হবে না।
তিনি বলেন, বাংলাদেশ যেমন অন্য কোনো দেশের পলাতক অপরাধীকে আশ্রয় দেবে না, তেমনি প্রতিবেশী দেশগুলোর কাছ থেকেও একই ধরনের সহযোগিতা প্রত্যাশা করে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার একটি শক্তিশালী জনসমর্থন ও বৈধতার ভিত্তিতে দায়িত্ব পালন করছে। দেশের মানুষের জাতীয় স্বার্থকে সামনে রেখেই বৈদেশিক নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে।
এর আগে শুক্রবার দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সিলেটে যান হুমায়ুন কবির। সেখানে তিনি হজরত শাহজালাল (র.)-এর মাজারে জুমার নামাজ আদায় করেন। পরে জেলা পরিষদে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের শামীমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।