যশোরের কেশবপুরে একটি মসজিদের প্রকৃত ইমাম ও খাদেমের নাম বাদ দিয়ে সম্মানীর তালিকায় জামায়াত নেতাদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা বায়তুন নুর জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম মাওলানা আব্দুল রহমান ও খাদেম আব্দুল রাজ্জাকের নাম বাদ দিয়ে ইমাম হিসেবে মসজিদ কমিটির ক্যাশিয়ার ও জামায়াত নেতা তবিবুর রহমান এবং খাদেম হিসেবে গড়ভাঙ্গা ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লার নাম দেওয়া হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ইমামদের মাসে ৫ হাজার, মুয়াজ্জিনদের ৩ হাজার এবং খাদেমদের ২ হাজার টাকা করে সম্মানী দেওয়ার জন্য তালিকা তৈরি করা হচ্ছে। প্রথম ধাপে কেশবপুরের প্রতিটি ইউনিয়ন থেকে ১৫টি করে মসজিদের তালিকা সংগ্রহ করা হচ্ছে।
প্রকৃত ইমাম ও খাদেমের নাম বাদ দেওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা যশোর-৬ আসনের সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ করেন। পরে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলেও এলাকাবাসীর অভিযোগ, তদন্ত ছাড়াই আগের তালিকাই চূড়ান্ত হিসেবে জমা দেওয়া হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি ইসলাম সরদার অভিযোগ করেন, তালিকা তৈরির বিষয়ে কমিটিকে জানানো হয়নি এবং স্থানীয় জামায়াত নেতারা নিজেদের পছন্দের ব্যক্তিদের নাম তালিকায় যুক্ত করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে পাঁজিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাসুদ কামাল বলেন, মসজিদ কমিটি থেকে যে তালিকা দেওয়া হয়েছিল, তিনি সেটিই সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন।
এ বিষয়ে যশোর-৬ আসনের সংসদ সদস্য ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোক্তার আলী জানান, অভিযোগ পাওয়ার পর তিনি জানতে পারেন মসজিদ কমিটির মধ্যে বিভক্তি রয়েছে। এ কারণে গড়ভাঙ্গা বায়তুন নুর জামে মসজিদটিকেই সম্মানীর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।