প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মুসলিম বাজার খালসহ ২৯টি খাল দখলমুক্ত করার ঘোষণা দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
সোমবার (২৯ জুন) মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রশাসক বলেন, দীর্ঘ ১৭ বছরে ময়লা-আবর্জনা ও দখলের কারণে রাজধানীর খালগুলো কার্যত বিলীন হয়ে গেছে। নগরবাসীকে জলাবদ্ধতা ও পরিবেশগত ঝুঁকি থেকে রক্ষা করতে হলে এসব খাল উদ্ধার করতেই হবে। জনগণকে সঙ্গে নিয়েই ডিএনসিসির আওতাধীন ২৯টি খাল দখলমুক্ত করা হবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর ঘোষণার অংশ হিসেবে ডিএনসিসি পাঁচ লাখ বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে। একই সঙ্গে নগরবাসীকে ছাদ বাগান গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি ডেঙ্গু প্রতিরোধে পানি জমতে না দেওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।
এ ছাড়া ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ে তুলতে যেখানে-সেখানে ময়লা না ফেলে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান তিনি।