দেশের স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি চিকিৎসাসেবার পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (১৬ আগস্ট) সকালে ঝিনাইদহের কালীগঞ্জ, মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নয়তলা বিশিষ্ট আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্সে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে ৫০ শয্যার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে।
তিনি বলেন, গত ১৭ বছরে স্বাস্থ্য খাত অবহেলা ও অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালের ওষুধ, অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন, অ্যান্টি-স্নেক ভেনমসহ জরুরি চিকিৎসাসামগ্রী নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসক ও ওষুধের সংকট এবং রোগীদের সেবা সহজ করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে পরিকল্পনা বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না।
১৫১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি মায়েদের জন্য ২৫ শয্যার বিশেষ ওয়ার্ড এবং শিশুদের জন্য ২০ শয্যার পৃথক ওয়ার্ড রাখার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি উপজেলা পর্যায়েই কিডনি ডায়ালাইসিসের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও খাবারের বিষয়ে খোঁজ নেন।