পটুয়াখালীর বাউফল উপজেলায় এক গৃহবধূর সঙ্গে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে দাসপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন প্যাদাকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের দাবি, রাতে কয়েকজন ব্যক্তি ফারুক হোসেন প্যাদার বিরুদ্ধে এক গৃহবধূর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে তাকে আটক করে মারধর করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তবে অভিযোগ অস্বীকার করে ফারুক হোসেন প্যাদা বলেন, স্থানীয় সাইদুল, পারভেজসহ মৃধা বাড়ির ৪ থেকে ৫ জন ব্যক্তি তাকে মারধর করেছেন। তিনি দাবি করেন, হামলাকারীরা তার কাছে থাকা ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে গেছেন। তার ভাষ্য, পূর্ব শত্রুতার জেরে তার বিরুদ্ধে পরকীয়ার মিথ্যা অভিযোগ ছড়িয়ে দেওয়া হচ্ছে।
অন্যদিকে জাহানারা বেগম নামে এক নারী অভিযোগ করেন, ফারুক দীর্ঘদিন ধরে তার পুত্রবধূকে বিভিন্নভাবে বিরক্ত করতেন এবং টাকা-পয়সার প্রলোভন দেখাতেন। তিনি জানান, বিষয়টি নিয়ে এলাকায় আগে সালিশও হয়েছিল। এরপরও ফারুক তার পুত্রবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে অভিযোগ করেন তিনি।
তবে এ বিষয়ে অভিযুক্ত নারীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।