জাতিসংঘের ‘ইউএন-কপস’ (UN COPS) সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দুই দিনব্যাপী (৭-৮ জুলাই) অনুষ্ঠেয় এ সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি। রোববার (৫ জুলাই) রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন মন্ত্রী। আগামী ১২ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।
সফরকালে তিনি ৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন প্লেনারি সেশনে অংশ নেবেন। সম্মেলনে জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ, পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি এবং আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।
নিউইয়র্কে অবস্থানকালে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন। পাশাপাশি বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও বৈঠকে অংশ নেবেন।
এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হবে।