আন্তঃসীমান্ত নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং নির্বাচনি ইশতেহারেও এটি অন্তর্ভুক্ত করা হয়েছে।
রোববার জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সরকারি দলের সদস্য মো. আবুল কালামের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
পানিসম্পদমন্ত্রী বলেন, আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টন সংক্রান্ত বিদ্যমান চুক্তি ও সমঝোতাগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ক্ষেত্রে নতুন চুক্তি সম্পাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি যৌথ নদী কমিশন (জেআরসি), বাংলাদেশকে আরও শক্তিশালী করা এবং অববাহিকাভুক্ত দেশসমূহ—ভারত, নেপাল, ভূটান ও চীনের সমন্বয়ে একটি সমন্বিত পানি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার কাজ করছে।
তিনি আরও জানান, উজানের দেশগুলোতে আন্তঃসীমান্ত নদীর ওপর বিভিন্ন অবকাঠামো নির্মাণের কারণে শুকনো মৌসুমে বাংলাদেশে পানির প্রবাহ কমে যাওয়ার বিষয়টি বাস্তব এবং সরকার এ বিষয়ে কার্যকর কূটনৈতিক ও নীতিগত উদ্যোগ গ্রহণ করছে।
সরকারের লক্ষ্য হলো আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য বণ্টন নিশ্চিত করে দেশের কৃষি, পরিবেশ, জীববৈচিত্র্য এবং নদীনির্ভর জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করা।