জুলাই স্মৃতি জাদুঘর খুব শিগগিরই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, জাদুঘর চালুর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এ লক্ষ্যে নতুন কমিটিও গঠন করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই স্মৃতি জাদুঘরের কমিটি কিছুটা এলোমেলো ছিল। বর্তমানে নতুন কমিটি গঠন করা হয়েছে এবং এ বিষয়ে জাতীয় সংসদে সিদ্ধান্ত হয়েছে। খুব শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে জাদুঘরের উদ্বোধনসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিস্তারিত জানানো হবে।
তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে দেশের শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ও বিচারব্যবস্থাসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি দেশের সাংস্কৃতিক নিদর্শন ধ্বংস এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
নিতাই রায় চৌধুরী বলেন, বর্তমান সরকার দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্য, প্রত্নসম্পদ ও সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পরিদর্শনকালে তিনি কুমিল্লার ময়নামতি জাদুঘরের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শালবন বিহার ঘুরে দেখেন।
এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়সহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।