প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে-কেয়ার সেন্টার) শুধু শিশুদের নিরাপদে রাখার স্থান নয়, বরং দেশের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
সোমবার (৬ জুলাই) রাজধানীর পানি ভবনের মাল্টিপারপাস হলে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘শিশুর প্রাথমিক পরিচর্যা ও বিকাশ’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।
তিনি জানান, বর্তমানে দেশে ১২৩টি শিশু বিকাশ কেন্দ্রে ৭ হাজার ৩৬০ জন শিশুকে সেবা দেওয়া হচ্ছে, যা মোট চাহিদার মাত্র ০.৩৪ শতাংশ পূরণ করছে। ফলে অনেক শিশু প্রারম্ভিক শৈশব বিকাশ, সমবয়সীদের সঙ্গে খেলাধুলা এবং মানসম্মত পরিচর্যার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।
ডা. জুবাইদা রহমান কর্মজীবী মায়েদের জন্য মানসম্মত ডে-কেয়ার সেন্টারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, এসব কেন্দ্র সম্প্রসারণের মাধ্যমে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণও বাড়ানো সম্ভব।
তিনি আরও বলেন, শৈশবেই সততা, শৃঙ্খলা, মানবিকতা, সহনশীলতা, কৌতূহল ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তি গড়ে ওঠে। তাই শিশুদের সঠিক পরিচর্যা দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সমাজকল্যাণ ও নারী-শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।