কুমিল্লার বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি সঞ্জয় শর্মার একটি ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন, ‘গভীরভাবে চিন্তা করে দেখলাম, আওয়ামী লীগ করার কারণে প্রতিদিন দশটা জুতার বাড়ি আমার প্রাপ্য।’
স্ট্যাটাসে সঞ্জয় শর্মা দাবি করেন, ছাত্রজীবন থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি বাগমারা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং পরে সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন দলের জন্য কাজ করেও যথাযথ মূল্যায়ন পাননি। রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে ব্যক্তিগত, পেশাগত ও নাগরিক জীবনে নানা সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তিনি।
একই স্ট্যাটাসে জেলা আওয়ামী লীগের নেতৃত্ব, পদ-পদবি বণ্টন এবং ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সঞ্জয় শর্মা। তিনি আরও দাবি করেন, সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে এম মুস্তফা কামালের রাজনৈতিক কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রাখলেও কখনোই তিনি বা তার পরিবার তাকে চিনতেন না।
স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, ‘তবু বিপন্ন জীবনের শত যন্ত্রণা বুকে নিয়ে বলি, আমি জয় বাংলার লোক। ভালো থাকুক বাংলাদেশ, অটুট থাকুক স্বাধীনতা।’