চীনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ।
বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের ওপর গুরুত্ব দেন। এ বিষয়ে উভয় দেশের প্রধানমন্ত্রী একমত হন।
এ ছাড়া রাজনৈতিক, ব্যবসায়িক এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন।
বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক প্রেরণ, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া পানি কূটনীতি নিয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করেন ওলজাস বেকতেনভ। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ উদ্যোগে বাংলাদেশের সমর্থনের কথা জানান।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।