সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় বাংলাদেশের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
রোববার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন। আহত ব্যক্তিরা রিয়াদের একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।
এদিকে, ১০ অক্টোবরের এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দিতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
বিজ্ঞপ্তিতে নিহত ব্যক্তিদের পরিবারসহ শোকসন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো অগ্রহণযোগ্য। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।
এ ঘটনায় সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।