ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
নতুন ভবনটি চালু হওয়ায় হাসপাতালটির মোট শয্যাসংখ্যা বেড়ে ১ হাজারে দাঁড়িয়েছে। ১৫ তলা ভবনটির নিচের তিন তলা বেজমেন্ট হিসেবে রাখা হয়েছে। সেখানে পার্কিংয়ের পাশাপাশি বিভিন্ন সার্ভিস সেকশনের ব্যবস্থা রয়েছে।
ভবনের ওপরের ১২ তলায় রোগীদের চিকিৎসার জন্য ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিট স্থাপন করা হয়েছে। এ ছাড়া নতুন ভবনে রয়েছে ৪০টি আইসিইউ বেড, ২৪টি পোস্ট-অপারেটিভ বেড এবং ১১২টি কেবিন।
নতুন ভবন চালুর ফলে দেশে নিউরো রোগীদের চিকিৎসাসেবা ও হাসপাতালের সক্ষমতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিশেষায়িত চিকিৎসার পাশাপাশি রোগীদের জন্য শয্যা ও প্রয়োজনীয় চিকিৎসা অবকাঠামোর পরিধিও বাড়ল।
দেশে নিউরো রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে ২০০৬ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
🔑 কী-ওয়ার্ড: