দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) একদিনের সফরে তিনি বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারী উপজেলার বন্যাদুর্গতদের পুনর্বাসন কার্যক্রমে অংশ নেবেন। এ সময় ১০০টি পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার পাশাপাশি ত্রাণ ও পুনর্বাসন সহায়তা দেওয়া হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী প্রথমে হেলিকপ্টারে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে যাবেন। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর, ত্রাণ বিতরণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা প্রদান করবেন। পাশাপাশি বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেবেন তিনি।
বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে গিয়ে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা পরিদর্শন করবেন। সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দেশের শীর্ষ আলেমদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।
এরপর প্রধানমন্ত্রী হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা পরিদর্শন করবেন। সেখানে হেফাজতের সাবেক দুই আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করার কথা রয়েছে।
বিকেলে হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পুনর্বাসন সহায়তা বিতরণ করবেন প্রধানমন্ত্রী।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ও ব্যবস্থাপনার কাজও জোরদার করা হয়েছে।
সফরের শেষ পর্যায়ে সন্ধ্যায় নগরীর রেডিসন ব্লু বে ভিউ হোটেলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচিকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম চট্টগ্রাম সফর। এর আগে চলতি বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে দলীয় জনসভায় অংশ নিয়েছিলেন তিনি।