মাদ্রাসাসহ দীর্ঘদিন ধরে বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান আগামী জুলাই মাসেই করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পূর্বের বকেয়াসহ নিয়মিত বেতন দেওয়ার ব্যবস্থা করছে সরকার।
মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআইবি) অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রয়োজন অনুযায়ী ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হলেও তাদের বেতনের জন্য বাজেটে কোনো বরাদ্দ রাখা হয়নি। সরকার দায়িত্ব নেওয়ার পর দেখা যায়, এ খাতে প্রায় ৫০১ কোটি টাকার প্রয়োজন রয়েছে। তবে আগামী জুলাই থেকেই এসব শিক্ষক বেতন পাবেন।
তিনি আরও জানান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের বেতন বাবদ ২৯ কোটি টাকার প্রয়োজন রয়েছে। পাশাপাশি কওমি শিক্ষা ব্যবস্থার অভ্যন্তরীণ মতবিরোধও বিভিন্ন সংস্কার কার্যক্রমে জটিলতা সৃষ্টি করছে।
ইবতেদায়ি মাদ্রাসার এমপিও প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে অনেক প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করছে। তবে জমির পরিমাণ, শিক্ষক নিবন্ধনসহ নির্ধারিত শর্ত পূরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
এ সময় তিনি বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর এবং ইসলামি শিক্ষাকে কোনো রাজনৈতিক দল বা মতের প্রভাবমুক্ত রাখা হবে।