রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর, পরিবেশবান্ধব ও নাগরিকবান্ধব করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১১ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর উত্তর শাহজাহানপুরে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
অনুষ্ঠানে তিনি বলেন, নগরী পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণ, স্বাস্থ্যসুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। তাদের জন্য মৃত্যুজনিত ঝুঁকি ভাতা হিসেবে চার লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি স্বল্পমূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় ৪২০টি হাসপাতালের সঙ্গে চুক্তি করা হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষাসামগ্রী দিতে হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতারও প্রশংসা করেন তিনি।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানকে নিজস্ব ডাস্টবিনে বর্জ্য সংরক্ষণ করতে হবে এবং প্রতিষ্ঠানের সামনের অংশ পরিষ্কার রাখতে হবে। যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ করা গেলে নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি ডেঙ্গুর ঝুঁকিও কমানো সম্ভব হবে।
তিনি আরও বলেন, নাগরিক সেবাসংক্রান্ত যেকোনো অভিযোগ সিটি করপোরেশনকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে সিটি করপোরেশনের উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরিচ্ছন্নতাকর্মীদের নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি কমাতে বিভিন্ন সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা বুট, হাতের গ্লাভস, হেলমেট, চোখের সুরক্ষাচশমা, প্রাথমিক চিকিৎসার বাক্স, সতর্কতামূলক শঙ্কু, পিচ্ছিল মেঝের সতর্কতাসংকেত এবং দূর থেকে দৃশ্যমান বিশেষ পোশাক।
ডিএসসিসি জানিয়েছে, এর আগে কলাবাগান, পুরান এলিফ্যান্ট রোডের সবজি বাগান, মালিবাগ ও বুয়েট-সংলগ্ন পলাশী এলাকার বর্জ্য স্থানান্তর কেন্দ্র আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।