ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ওয়াসা, তিতাস, রাজউকসহ সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলোর সঙ্গে একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে যাতে একই রাস্তা বারবার খনন করতে না হয়, সে বিষয়ে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।
শনিবার (২০ জুন) রাজধানীর মিরপুর মুসলিম বাজার খাল পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, উন্নয়নকাজগুলো সমন্বিতভাবে সম্পন্ন করার মাধ্যমে নগরবাসীর দুর্ভোগ কমানোই আমাদের লক্ষ্য। সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের ফলে একই সড়ক বারবার খননের প্রয়োজন হবে না এবং নাগরিক ভোগান্তিও কমবে।
তিনি জানান, গত ৫ আগস্টের পর থেকে মিরপুর মুসলিম বাজার খাল থেকে এখন পর্যন্ত ৪১৬ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রম এখনও চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য খালেও একই ধরনের অভিযান পরিচালনা করা হবে।
শফিকুল ইসলাম খান বলেন, খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে এনে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে ডিএনসিসি নিরলসভাবে কাজ করছে। যেসব এলাকায় জলাবদ্ধতার সমস্যা বেশি এবং হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে, সেসব স্থানের সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও জলাবদ্ধতামুক্ত ঢাকা গড়ে তুলতে ডিএনসিসি ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।