ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশে রওনা হন। স্পিকারের দপ্তর জানিয়েছে, জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই দেশে ফিরবেন তিনি।
আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর তিনি দেশটির রাষ্ট্রীয় ও সামরিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হন এবং দীর্ঘ কয়েক দশক সেই দায়িত্ব পালন করেন।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। তার মৃত্যুতে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে শোকের ছায়া নেমে আসে এবং রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।