বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একই সঙ্গে চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনেই দেশে এসেছে ১৮০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় (রেমিট্যান্স), যা রিজার্ভ শক্তিশালী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বুধবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২২ জুলাই পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪৬৫ দশমিক ৬৮ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩৬ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে ব্যবহারযোগ্য বা নেট রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৭৭০ দশমিক ০৮ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনে দেশে এসেছে ১৮০ কোটি ২৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে ২৮ কোটি ৭৮ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২৪ কোটি ৫২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২৬ কোটি ৬৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩০ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।