তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কল্যাণ সাধনই সরকারের মূল লক্ষ্য। রাজনীতি ক্ষমতা ভোগের কোনো প্রক্রিয়া নয়, বরং জনগণের ভাগ্য উন্নয়নের একটি মাধ্যম।
শুক্রবার (১০ জুলাই) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে সরকার কাজ করে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি ও একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি সবুজ বিপ্লবের মাধ্যমে কৃষি ও পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি বলেন, বর্তমান সরকারও পরিবেশবান্ধব উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করছে। গণতান্ত্রিক লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘যে রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চায়, তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সক্ষমতার পরিচয় দিয়েছেন।’
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পথ অনুসরণ করে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতিকে সুপ্রতিষ্ঠিত করেছেন। রাজপথের আন্দোলন, সামাজিক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ বাংলাদেশের ‘রাষ্ট্র মেরামত’-এর রূপরেখা প্রণয়নের মাধ্যমে তিনি রাষ্ট্রনায়কের পরিচয় দিয়েছেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের কাছে জিয়াউর রহমানের দেশপ্রেম ও আদর্শ তুলে ধরতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, প্রধানমন্ত্রীর আসন্ন বরিশাল সফরের মূল কেন্দ্রবিন্দু বৃক্ষরোপণ কর্মসূচি হলেও সফরকালে দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে দলের নীতিনির্ধারক ও জনপ্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন প্রধানমন্ত্রী।
মন্ত্রী আরও জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য বিশেষ কার্ডের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের বরিশাল সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
পরে তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঔষধি ও ফলদ গাছের চারা রোপণ করেন।