সাভারে এনসিপির জনসভায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৩টার পর নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ইশরাক হোসেন বলেন, ‘এই ধরনের ঘটনা আমাদের রাজনীতির জন্য একটি কালো অধ্যায়। এ ধরনের সহিংসতা রাজনীতিকে ধ্বংস করে দিতে পারে। রাজনীতি ধ্বংস হলে দেশ ও জাতি চরম সংকটের মুখে পড়বে, যা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকেও বিপন্ন করতে পারে।’
তিনি আরও বলেন, ‘এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না। যারা ফ্যাসিস্ট, যারা খুনি এবং জনগণের সমর্থনের পরিবর্তে বিদেশি প্রভুদের দয়ায় রাজনীতি করেছে, এই ঘটনায় কেবল তারাই লাভবান হবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে ওই অপশক্তির অবশিষ্ট অংশ এবং তাদের আশ্রয়দাতাদের দ্রুত নিষ্ক্রিয় করা জরুরি। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।