স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ঢাকা শহরকে আর বাসযোগ্য মনে হয় না। সুযোগ পেলে তিনি শহরের বাইরে বসবাস করতে চান।
শনিবার (৬ জুন) রাজধানীর পুরানা পল্টনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘দক্ষিণের জানালা’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আজকাল আমার নিজেরই মনে হয়, আমি ঢাকা শহরে থাকব না। শহরের বাইরে গিয়ে থাকব। কারণ, এটা বাসযোগ্য মনে হয় না।”
তিনি বলেন, ঢাকা শহর একটি বড় ধরনের ঝুঁকির মুখে রয়েছে। বিশেষ করে ভূমিকম্পের মতো কোনো দুর্যোগ ঘটলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।
তার ভাষায়, “ঢাকা শহরের জন্য একটা ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। কোনো দিন যদি ভূমিকম্পের মতো কিছু হয়, তাহলে শহর তলিয়ে যাবে। এখানকার পানি খুব ভয়াবহ অবস্থায় রয়েছে।”
বায়ুদূষণ ও স্বাস্থ্যসেবা খাতের দুরবস্থার সমালোচনা করে তিনি বলেন, “ঘর থেকে বের হলে নিঃশ্বাস নেওয়ার অক্সিজেন পর্যন্ত দূষিত। পাবলিক হাসপাতালের ভেতরে ঢোকাই কঠিন। একের পর এক প্রতিষ্ঠান ধ্বংসের দিকে যাচ্ছে।”
নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, কলেজে পড়ার সময় তিনি বুড়িগঙ্গা নদীতে নৌকায় ঘুরে বেড়াতেন। কিন্তু এখন সেই নদীর কাছেও যাওয়া যায় না।
তিনি বলেন, “বুড়িগঙ্গা এত দূষিত ও দুর্গন্ধযুক্ত হয়ে গেছে যে সেখানে যাওয়া কঠিন। আমার কাছে মনে হয়, ঢাকা শহরের অনেক সমস্যার মূলেই রয়েছে বুড়িগঙ্গার দূষিত পানি। শীতলক্ষ্যা নদীর অবস্থাও ধীরে ধীরে একই রকম হয়ে যাচ্ছে।”
শহরের উন্নয়ন ও অবকাঠামোগত পরিবর্তন আরও পরিকল্পিতভাবে করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নগর ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা প্রয়োজন।
তিনি আরও বলেন, “নদীগুলোকে দূষণমুক্ত ও বিশুদ্ধ করার উদ্যোগ নিতে হবে। বিভিন্ন খাতে অসংখ্য প্রকল্প নেওয়া হলেও বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করার মতো কার্যকর প্রকল্প দেখা যায় না।”