পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, হুমায়ুন কবিরের শপথ গ্রহণে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি এবং সরকার সংবিধান মেনেই সব কার্যক্রম পরিচালনা করেছে।
মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব তথ্য জানান আইনমন্ত্রী। অনুষ্ঠানে আইনগত সহায়তা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও মহিলাবিষয়ক অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
আইনমন্ত্রী বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। তার শপথ গ্রহণের ক্ষেত্রে আইনগত কোনো ব্যত্যয় ঘটেনি।
তিনি আরও বলেন, সরকার সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছে এবং রাজনৈতিক হয়রানিমূলক মামলা, গুম ও ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে কাজ করছে।
সরকার গঠনের পর পুলিশ বাদী হয়ে কোনো মিথ্যা মামলা হয়নি বলেও দাবি করেন আইনমন্ত্রী।
আইনগত সহায়তার বিষয়ে তিনি বলেন, কোনো ভুক্তভোগী নিজের পক্ষে আইনজীবী নিয়োগ করতে সক্ষম না হলে রাষ্ট্র তার পাশে থাকবে। প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আইনি সুরক্ষা নিশ্চিত করতেও সরকার কাজ করছে।