বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস বা অন্য কোনো অপরাধে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
নজরুল ইসলাম খান বলেন, বিএনপির প্রকৃত নেতা-কর্মীরা অন্যায়, অনাচার, চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে জড়িত নন। কেউ এসব কর্মকাণ্ডে যুক্ত হলে তাকে বিএনপির কর্মী হিসেবে বিবেচনা করা হবে না।
তিনি আরও বলেন, কারও কর্মকাণ্ডের কারণে বিএনপির সমালোচনার সুযোগ তৈরি হলে সরকারের কাছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে।
দেশে বিশৃঙ্খলা তৈরি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শ্রমজীবী মানুষ উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, এতে শিল্প-বাণিজ্য, কর্মসংস্থান ও মানুষের আয়-উপার্জন ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই দেশের শান্তি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ক্রীড়া মন্ত্রী আমিনুল হকও চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে দলের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, এসব কর্মকাণ্ডে জড়িত কেউ বিএনপির পরিচয় ব্যবহার করতে পারে না এবং দলের কেউ এমন অপরাধে যুক্ত হলেও তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
আমিনুল হক আরও বলেন, জনগণের সঙ্গে নিয়ে এবং তাদের রায়ের ভিত্তিতেই ভবিষ্যতে দেশের কার্যক্রম পরিচালনা করা হবে। অন্যায় ও নৈরাজ্যের বিরুদ্ধে দল ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। এ সময় শ্রমিক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।