দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বাস্তবমুখী করে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পুরো ব্যবস্থায় যুগোপযোগী পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে আয়োজিত ‘ট্রান্সফর্মিং হায়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় আরও এগিয়ে যেতে হবে। শুধু পুঁথিগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। গবেষণা প্রকাশনা ও উদ্ভাবনের ক্ষেত্রে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
এলামনাইদের সম্পৃক্ততার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ আর এলামনাইরা তার মেরুদণ্ড। দেশে-বিদেশে প্রতিষ্ঠিত সাবেক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা উন্নয়নে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী জানান, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে শিক্ষাবিদদের আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।