গত তিন মাসে দেশে যে পরিমাণ উন্নয়ন কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলেও তা হয়নি বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২০ জুন) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ আগামী পাঁচ বছরের মধ্যে সব উন্নয়নকাজ সম্পন্ন করা হবে। গত তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের আমলে ১৫ বছরেও তা হয়নি।”
গজারিয়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত ফুলদী ব্রিজ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছরের মধ্যেই সেতুটির নির্মাণকাজ শুরু হবে।
সফরের শুরুতে তিনি ভবেরচর বাজারে প্রায় ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুই তলা বিশিষ্ট গ্রামীণ বাজার ভবনের উদ্বোধন করেন।
পরে কালীগাছতলা থেকে ব্র্যাক অফিস-ইমামপুর পর্যন্ত দুই কিলোমিটার সড়কের পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এছাড়া তিনি রসূলপুর খেয়াঘাট এলাকায় বহুল প্রত্যাশিত ফুলদী ব্রিজ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে দেশের অবকাঠামোগত উন্নয়নকে ত্বরান্বিত করা এবং জনগণের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটানো।