বাংলাদেশে সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদা সক্রিয় সেল গঠন করে নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে—জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক এমন প্রতিবেদনের বিষয়ে সংশয় প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাতিসংঘের প্রতিবেদনটি তিনি এখনো পড়েননি। তবে যতটুকু শুনেছেন, সেখানে বাংলাদেশে আল-কায়েদার কার্যক্রম নিয়ে একটি অনুমান বা আশঙ্কার কথা বলা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনুমানের ওপর তৈরি কোনো প্রতিবেদনের ভিত্তিতে সরকার পদক্ষেপ নিতে পারে না। তিনি জানান, প্রতিবেদনটি বিস্তারিত পর্যালোচনা না করে এ বিষয়ে কোনো মন্তব্য করাও সম্ভব নয়।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণই পরিস্থিতি নিয়ে সন্তুষ্টির বিষয়টি মূল্যায়ন করবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির জন্য সরকারের কিছুটা সময় প্রয়োজন।
তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে সরকার বিভিন্ন সংস্কারমূলক কাজ করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন উদ্যোগও দৃশ্যমান হয়েছে।
এ সময় জ্বালানি ও গ্যাস সংকট নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, দেশের গ্যাসের আমদানিনির্ভরতা কমাতে অভ্যন্তরীণ এবং সমুদ্রভিত্তিক গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে নিজস্ব সম্পদের মাধ্যমে গ্যাস সংকট সমাধানের আশাবাদও ব্যক্ত করেন তিনি।
সরকারের অন্যান্য উদ্যোগ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, কৃষিঋণের ক্ষেত্রে ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কাজ চলছে।