বর্তমানে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৯৯ শতাংশ শিশুই হামের টিকা পায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, শিশুদের সুরক্ষায় শিগগিরই আরও ১ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হবে।
বুধবার (২৯ জুলাই) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার দেশের স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও কার্যকর করতে কাজ করছে। তবে এ ক্ষেত্রে সেবার মান নিশ্চিত করতে সততা ও জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, স্বাস্থ্যখাতে বরাদ্দ দেওয়া বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রদান সম্ভব।
তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, কোনো মানুষ যেন চিকিৎসাসেবা না পেয়ে মৃত্যুবরণ না করেন, সে বিষয়ে সর্বোচ্চ দায়িত্বশীলতা নিয়ে কাজ করতে হবে।
সরদার মো. সাখাওয়াত হোসেন আরও জানান, দেশের আটটি বিভাগীয় শহরে ক্যানসার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পাঁচটি বিভাগীয় শহরে দ্রুত শিশু হাসপাতাল চালু করা হবে।
এ ছাড়া স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে ভবিষ্যতে ১ হাজার শয্যাবিশিষ্ট ১৮টি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।