সাতক্ষীরার দেবহাটায় এক নারীর ঘরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে শরিফুল ইসলাম মোড়ল (৪০) নামে এক জামায়াত কর্মীকে গ্রামবাসী আটক করেছে বলে জানা গেছে।
সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, টাউনশ্রীপুর উত্তরপাড়ার এক নারীর সঙ্গে সম্পর্কের সূত্র ধরে ওই নারীর ঘরে প্রবেশ করেন শরিফুল ইসলাম মোড়ল। পরে বিষয়টি জানতে পেরে গ্রামবাসী দরজা ভেঙে ঘরে ঢুকে তাদের দুজনকে আটক করেন।
আটক শরিফুল ইসলাম মোড়ল পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের মোজাম্মেলের ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য বাবলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১২টা পর্যন্ত স্থানীয়রা তাদের দুজনকে আটক করে রাখেন।
তিনি আরও জানান, শরিফুল ইসলাম জামায়াতের সক্রিয় কর্মী এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক দায়িত্বে রয়েছেন।
এ বিষয়ে দেবহাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি আব্দুস সালাম মাস্টার বলেন, শরিফুল ইসলাম তাদের সংগঠনের একজন সক্রিয় কর্মী। তবে রাতে কী ঘটেছে সে বিষয়ে তিনি বিস্তারিত জানেন না। বিষয়টি খোঁজখবর নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।